ফটিকছড়িতে আচরণবিধি লঙ্ঘনে নওশের আলীর প্রচারণায় জড়িত একজনকে জরিমানা

নাজিম উদ্দীন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দুর্নীতি তালাশ নিউজ টিভি।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী মুহাম্মদ গোলাম নওশের আলীর নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচন আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণকালে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫’ লঙ্ঘনের দায়ে ইমরান উদ্দিন নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানে তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।