ফকিরহাটে গৃহে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকার, নগদ টাকা ও জামদানি লুট, গুরুতর আহত দম্পতি
- আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৪ বার পড়া হয়েছে

ফকিরহাটে গৃহে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকার, নগদ টাকা ও জামদানি লুট, গুরুতর আহত দম্পতি
আজিজুর গাজী
উপজেলা প্রতিনিধি
ফকিরহাট বাগেরহাট।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৪নং জাড়িয়া বারইডাঙ্গা ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে স্থানীয় বাসিন্দা মামুন বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মামুন বিশ্বাস ও তার স্ত্রী আলেয়া বেগম ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাড়ির এডজাস্টার ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার, জামদানি শাড়ি, নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় দুজনকে মারধর করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরদিন সকালে তাদের পুত্রবধূ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। তখন তিনি দেখতে পান মামুন বিশ্বাস ও আলেয়া বেগম অচেতন অবস্থায় পড়ে আছেন এবং ঘরের জিনিসপত্র তছনছ করা।
পরিবারের সদস্যরা দ্রুত প্রতিবেশীদের সহায়তায় আহত দম্পতিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে ফকিরহাট মডেল থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।























