সরকারি পুকুরে গোসল ও পানি ব্যবহার করতে বাঁধা যুবলীগ নেতা জাহিদের বিরুদ্ধে অভিযোগ।
- আপডেট সময় : ০৮:৪০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে

সরকারি পুকুরে গোসল ও পানি ব্যবহার করতে বাঁধা যুবলীগ নেতা জাহিদের বিরুদ্ধে অভিযোগ।
ছাদিকুর রহমান সাব্বির
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর তিলকপুর ফুলতলি গ্রামের একটি সরকারি জলমহাল দখল এবং অবৈধভাবে মাছ চাষের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য মো. জাহিদ মিয়ার (৪০) বিরুদ্ধে। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের উত্তর তিলকপুর ফুলতলি গ্রামের জলমহালটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা হলেও অভিযোগ রয়েছে, সমিতির অন্য সদস্যদের বাদ দিয়ে কৌশলে এককভাবে জাহিদের নামে ইজারা নেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ইজারা বাতিল করে নতুন করে বরাদ্দ দেয়ার দাবি জানিয়ে দরখাস্ত করেছেন।
গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সরেজমিন ঘুরে দেখা যায়, জলমহাল এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দরিদ্র পরিবারগুলো পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন। গোসল বা দৈনন্দিন কাজে ব্যবহারের মতো কোনো বিকল্প উৎস না থাকায় তারা পুকুরটির উপর নির্ভরশীল। কিন্তু অভিযুক্ত জাহিদের ভয়ে সাধারণ মানুষ পুকুরে নামতে সাহস পান না। স্থানীয়রা অভিযোগ করেন, মহিলারা কিংবা শিশুরা পুকুরে গোসল করতে গেলে জাহিদ মিয়া গালিগালাজ করেন এবং ভয়ভীতি দেখান।
অভিযুক্ত যুবলীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য মো. জাহিদ মিয়া এ বিষয়ে বলেন,
“এই পুকুর গত ৭ বছর ধরে আমার দখলে আছে। অনেকবার অভিযোগ হয়েছে, কিন্তু আমার কিছুই হয়নি। আবার কে অভিযোগ করছে, গিয়ে দেখলেই বুঝবেন আমার দোষ আছে কি না।”
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের অফিস থেকে জানানো হয়, জাহিদের ইজারার মেয়াদ আগামী চৈত্র মাস পর্যন্ত বহাল আছে। তবে সরকারি জলমহালের পানিতে স্থানীয়দের গোসল বা দৈনন্দিন কাজে ব্যবহার করতে না দেয়া অমানবিক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।






















