কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে আহত, ঘাতক আটক।
- আপডেট সময় : ০৫:৫৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে

কমলগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে আহত, ঘাতক আটক।
মোঃ নাজিম মিয়া মৌলভীবাজার
জেলা প্রতওনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে আরমান মিয়া (২৪) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে আতাউর নামে অপর এক যুবক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মুন্সিবাজার রাজমহলের সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে রাজমহল এলাকার সামনে আরমান মিয়াকে লক্ষ্য করে আতাউর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আরমান গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে আরমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ঘাতক যুবক আতাউরকে ধরে ফেলে। পরে গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
কমলগঞ্জ থানার পুলিশ জানায়, এ ঘটনায় আটক আতাউরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।























