বোচাগঞ্জে আদিবাসীদের ২৩ একর জমি দখল। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তিন ভাইসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- আপডেট সময় : ০৬:১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

বোচাগঞ্জে আদিবাসীদের ২৩ একর জমি দখল। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তিন ভাইসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মোঃ আইনুল ইসলাম
স্টাফ রিপোর্টার,
দুর্নীতি তালাশ নিউজ টিভি দিনাজপুর।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আদিবাসীদের মালিকানাধীন ২৩ দশমিক ৩১ একর জমি দখলের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা (নং-১১/২০২৫) দায়ের করেন।
অভিযুক্তরা হলেন—মুর্শিদহাট গ্রামের মৃত গুলি মোহাম্মদ সরকারের ছেলে আব্দুল খালেক এবং মৃত আলহাজ্ব তাইজউদ্দীন মোল্লার তিন ছেলে আব্দুল লতিফ মোল্লা, আব্দুস সালাম মিন্টু ও আবুল কালাম আজাদ রিপন।
মামলার এজাহারে বলা হয়, রনগাঁও ইউনিয়নের সাদামহল মৌজায় বসবাসরত মাহালী ও সাঁওতাল সম্প্রদায়ের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন অভিযুক্তরা। এ উদ্দেশ্যে তারা বোচাগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ২২টি দলিলের মাধ্যমে আদিবাসীদের জমির টাইটেল পরিবর্তন করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আইন অনুযায়ী আদিবাসী নাগরিক রাজস্ব কর্মকর্তার অনুমতি ছাড়া জমি বিক্রি, দান বা হস্তান্তর করতে পারেন না। কিন্তু অভিযুক্তরা যোগসাজশে সেই নিয়ম ভঙ্গ করে জমি দখল করে যমুনা ব্যাংক পিএলসি’র সেতাবগঞ্জ শাখায় বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন।
দুদক জানিয়েছে, তদন্তের সময় অভিযোগের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকেও আইনগতভাবে অন্তর্ভুক্ত করা হবে।
মোঃ আইনুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দুর্নীতি তালাশ নিউজ টিভি, দিনাজপুর।























