মৌলভীবাজার কমলগঞ্জে বজ্রপাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার কমলগঞ্জে বজ্রপাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মর্মান্তিক মৃত্যু
ছাদিকুর রহমান সাব্বির
সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
দুর্নীতি তালাশ নিউজ টিভি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান (৬৫)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় তিনি বজ্রপাতের শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান তাঁর কৃষি জমিতে ধানের মধ্যে আগাছা কাটতে যান। এ সময় ঐ এলাকায় প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইসলামপুর ইউপি সদস্য আবু আব্দুল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ফজলুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায় যে তিনি ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে কৃষি জমিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আব্দুল্লা আরও জানান, লাশের মুখের পুরো অংশ কালো হয়ে গিয়েছিল, যা দেখে নিশ্চিত হওয়া যায় তিনি বজ্রপাতে মারা গেছেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, তিনি বজ্রপাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনেছেন এবং ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

























