পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়ায় ইলিশ ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবক এখনো নিখোঁজ
- আপডেট সময় : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়ায় ইলিশ ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবক এখনো নিখোঁজ
তরিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ
বরিশাল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ কেনাবেচার পথে নৌপুলিশের ধাওয়ায় ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রাসেল খান (৩৫)। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ইউসুফ খানের ছেলে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নৌপুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ মৌসুমে চারজন জেলে ইলিশ কিনে একটি নৌকায় করে ফিরছিলেন। এ সময় টহলরত নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন। তার সঙ্গে থাকা দুই সহযোগী পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।
ঘটনার পর নৌপুলিশ মানবিক কারণে একজনকে মাছসহ উদ্ধার করলেও কাউকে আটক করা হয়নি। নদীর প্রবল স্রোত ও গভীর পানির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কালাইয়া নৌফাঁড়ির ইনচার্জ আল মামুন বলেন, “ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সকাল থেকে ডুবুরিদল নদীতে অনুসন্ধান চালাচ্ছে, তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত নিখোঁজ রাসেলের সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।






















