শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঝালকাঠি ছাত্রদলের মশাল মিছিল
- আপডেট সময় : ০৯:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় আনন্দে মশাল মিছিল করেছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ‘প্রতিহত করা’ এবং রায়ের দ্রুত কার্যকর দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার রাতে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীরা মিছিলটি উপজেলার বাসষ্টান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মশাল মিছিলে উপজেলা যুবদলের মো. আজিজুল ইসলাম খান, মো. রুবেল জমাদ্দার, স্বেচ্ছাসেবকদল নেতা মো. আরিফ তালুকদার, মো. রাজু মৃধা, মো. হাসান হাওলাদার, মো. আলামিন হাওলাদার ও মো. সাইদুল হাওলাদারসহ নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদারের ঘোষণা দেন।


























