দিনাজপুর স্ত্রীর পিড়ির আঘাতে স্বামীর মৃত্যু।
- আপডেট সময় : ০৮:২৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর পিঁড়ির আঘাতে হাফিজুল ইসলাম (৬৫) নামে এক মিষ্টি বিক্রেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের কুচিয়ামাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবান্ন উৎসব উপলক্ষ্যে স্ত্রী রহিমা বেগম স্বামী হাফিজুলের কাছে নতুন শাড়ি কেনার অনুরোধ জানান। এ নিয়ে মঙ্গলবার সকালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে রহিমা বেগম বসার কাঠের পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত হাফিজুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্ত্রী রহিমা বেগমকে আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে

























