বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত।
- আপডেট সময় : ০৮:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনাকে ঘিরে দেওয়া সর্বশেষ রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণের ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাই পরে রূপ নেয় সংঘর্ষে, আর তাতেই প্রাণ হারাতে হলো ছাত্রদলের এক স্থানীয় নেতাকে। সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রায় ঘোষণার পর আগরপুর ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ প্রকাশের অংশ হিসেবে মিষ্টি বিতরণ করছিলেন। এসময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম (৩০) এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি একসময় হাতাহাতিতে গড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
এসময় একই ইউনিয়নের সেচ্ছাসেবক দল নেতা আউয়াল হাওলাদার রবিউল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ছুরিকাঘাতে মারাত্মক জখম হওয়া রবিউলকে দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে দায়ীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
নিহত রবিউলের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা এখনও বিরাজ করছে।

























