নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
হকারদের দাবি, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গেলে হোপ মার্কেটের সামনের একটি দোকান উচ্ছেদের সময় বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হকারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান।
সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেটের দিক থেকে কয়েকজন আনসার সদস্য দৌড়ে মিরপুর-১৩ নম্বরের দিকে যাচ্ছেন। এ সময় ২০ থেকে ৩০ জন লোক তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
হোপ মার্কেটের সামনে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এর কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
হকারদের ভাষ্য, আগুন লাগার সময় ওই স্থানে বিভিন্ন ধরনের মালামাল ছিল। পরে কয়েকশ হকার সেখানে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালান। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার সময় ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি তুলতে গেলে আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপরও হামলা চালানো হয় বলে জানা গেছে।
ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হোপ মার্কেট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন