ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার হাসিবাসি গ্রামের মো. মারুফ (২৭) ও স্বাধীন (২৬)।
আদালতের বেঞ্চ সহকারী গৌতম নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১১ আগস্ট সকালে ওই ছাত্রীর মা কাজে বেরিয়ে যান। ওই দিন বিকেল ৩টার দিকে মারুফ ও স্বাধীন ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সন্ধ্যায় কাজ থেকে ফিরে মেয়ের কাছে ঘটনার কথা জানতে পারেন তার মা।
পরদিন ১২ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.