ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ সংস্কৃতির বিকাশ, প্রতিভার পরিচর্যা এবং অপসংস্কৃতির প্রতিরোধের প্রত্যয় নিয়ে বগুড়ার ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে সংগীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ (রহ.) স্মরণে প্রতিষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আজাদ শিল্পীগোষ্ঠী’।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সংগঠনটির উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক মুফতী আশেকে এলাহী শিবলী ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজাদ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজাদ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদ বিন হাসান, উপদেষ্টা আশাদুল ইসলাম, উপদেষ্টা ও ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সেক্রেটারি সাংবাদিক রবিউল হাসান, শেরপুর উপজেলা মসজিদের ইমাম মুফতী গোলাম রব্বানী, উপদেষ্টা জাহিদ হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম খোকন বলেন, ইসলামী সংস্কৃতি মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে এমন উদ্যোগ সময়ের দাবি। আজাদ শিল্পীগোষ্ঠী ইসলামী মূল্যবোধের আলোকে সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ বলেন, মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর স্মরণে প্রতিষ্ঠিত আজাদ শিল্পীগোষ্ঠীর মূল লক্ষ্য হলো ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানো। কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি, উপস্থাপনা ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকশিত করার পাশাপাশি তাদেরকে নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলাই এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির সহজলভ্যতার পাশাপাশি অপসংস্কৃতির নানা উপাদান তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। এর বিপরীতে ইসলামী মূল্যবোধসমৃদ্ধ সুস্থ সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করতে হবে। আজাদ শিল্পীগোষ্ঠী কোনো প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রতিভা অন্বেষণ, প্রতিভার পরিচর্যা এবং সমাজে ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে কাজ করবে।
বক্তারা বলেন, সংস্কৃতি মানুষের মনন ও চিন্তাকে প্রভাবিত করে। তাই অপসংস্কৃতির আগ্রাসন থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ইসলামী আদর্শভিত্তিক সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। আজাদ শিল্পীগোষ্ঠীর এ উদ্যোগ ধুনটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আজাদ শিল্পীগোষ্ঠীর লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরা হয়। পরে সংগঠনের সফলতা, সংশ্লিষ্টদের কল্যাণ এবং ইসলামী সাংস্কৃতিক কার্যক্রমের বিস্তারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজাদ শিল্পীগোষ্ঠীর কার্যালয় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মসলিম খান কমপ্লেক্স, সোনামুখী রোড, ধুনট, বগুড়া। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। এতে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি ও উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.