কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে অপহৃত চার যুবককে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। পরে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে দুটি দল গঠন করে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১) নামে চার যুবককে উদ্ধার করা হয়। একই সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. তারেক (২৩) নামের এক যুবককে আটক করা হয়।
উদ্ধার হওয়া চারজন এবং আটক সন্দেহভাজন তারেককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.