
- নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ বালু উত্তোলন এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন।
শনিবার, ১০ অক্টোবর, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী নিলক্ষা ও চরমধূয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের গ্রেপ্তার এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।
জেলা পুলিশ, এসআরবি, জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে পুলিশের নেতৃত্ব দেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িঘরে তল্লাশি চালানো হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো মেশিন বা এ কাজে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানসহ এসআরবি ও ডিবি পুলিশের সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.