দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে জ্বালানির পাশাপাশি কৃষি, সার, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও আলজেরিয়া। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বহুমুখী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বৈঠকে ইকবাল হাসান মাহমুদ বলেন, পারস্পরিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রকৌশলী ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের দক্ষতা উন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তাব দেন বাংলাদেশের এই মন্ত্রী।
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব। দুই দেশের সক্ষমতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে তার সরকারের আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার মতে, নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।
এদিকে, সম্প্রতি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই সমঝোতার ফলে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগও বাড়বে। সংশ্লিষ্ট খাতগুলোতে কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কেও নতুন গতি আসতে পারে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.