দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের বাংলাদেশ এটি। মহান মুক্তিযুদ্ধে যেভাবে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছিলেন, একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীর মোড়ে আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের সব ধর্মের মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে কাজ করতে হবে। সম্মিলিত শ্রম ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষকে একযোগে কাজ করার ওপরও জোর দেন তিনি।
এর আগে ঢাকা থেকে সামরিক উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করলে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সড়কের দুই পাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা তাঁকে স্বাগত জানান। এ সময় গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী এবং পথসভায় বক্তব্য রাখেন।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.