টেকনাফে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দালালি, ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশার মূল লক্ষ্য হলো সত্য প্রকাশ, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখা। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যদি সরকারি দপ্তরে দালালি, ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি, মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় কিংবা ভুয়া অনলাইন পেজের মাধ্যমে অপপ্রচারে জড়িয়ে পড়েন, তাহলে তা সাংবাদিকতা পেশার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।
নুরুল হোসাইন আরও বলেন, থানা, ভূমি অফিস, নির্বাচন অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে দালালির অভিযোগ এবং ব্যবসায়ীদের হয়রানির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। কেউ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করলে কিংবা অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি এসব অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের সম্মান ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ, প্রশাসন এবং সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
নুরুল হোসাইনের বক্তব্য, সাংবাদিকতার পরিচয় কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিল, ভয়ভীতি প্রদর্শন কিংবা অবৈধ সুবিধা আদায়ের হাতিয়ার হতে পারে না। সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং টেকনাফকে চাঁদাবাজি, দালালি ও অপপ্রচারমুক্ত রাখতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.