কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি খালি জায়গায় মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকে এ অভিযান চালানো হয়।
১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ক্যাম্পের সি/৫ ব্লকে স্থানীয় মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরে একটি খালি জায়গায় মাটির নিচে ইয়াবা পুঁতে রাখা হয়েছে। পরে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজের নেতৃত্বে এবং শালবাগান এপিবিএন ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে একটি আভিযানিক দল সেখানে তল্লাশি চালায়।
অভিযানকালে মাটি খুঁড়ে স্বচ্ছ সাদা প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু উদ্ধার করা হয়। পরে সেটি খুলে পাঁচটি প্যাকেটে মোড়ানো ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এপিবিএনের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৮০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে ২৪ অক্টোবর সকালে টেকনাফ থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৮৫, তারিখ ২৪ অক্টোবর ২০২৬।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ নেই।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.