গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকালে এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চেয়ারম্যান রানা মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে পোশাক পরা এক গ্রাম পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
নোটিশে এ ঘটনায় চেয়ারম্যান রানা মোল্লার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশের অনুলিপি গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রানা মোল্লার বক্তব্য জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.