দিনাজপুর, ২৮ অক্টোবর ২০২৬: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ট্রাক ও একটি মোবাইল ফোনসহ মোঃ সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও সদর থানার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন দিহানগর বিওপির একটি টহলদল এ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যে জানা যায়, সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাণীশংকৈল থানা হয়ে ঠাকুরগাঁও সদর এলাকার দিকে যাচ্ছিলেন এক মাদক পাচারকারী।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল সম্ভাব্য এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যায়ে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহলদল ধাওয়া করে ঝাড়পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকে থাকা ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মোঃ সবুজকে আটক করা হয়।
আটক মোঃ সবুজ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ সহিবর রহমান। উদ্ধার করা ইয়াবা, ট্রাক ও অন্যান্য মালামালের আনুমানিক জব্দমূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে। মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.