কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে সরকারি নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড না মানার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ দাবি জানান। পরে চিঠিটি ‘জবাবদিহিতা’ পেজে প্রকাশ করা হয়। এমপি হাসনাত আবদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সেটি শেয়ার করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যেসব অভিযোগ
চিঠিতে বলা হয়, সম্প্রতি দেবিদ্বারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদন পর্যালোচনা করে এমপি দাবি করেন, উপজেলার কোনো বেসরকারি হাসপাতালই সরকার নির্ধারিত বাধ্যতামূলক নীতিমালা ও ন্যূনতম মানদণ্ড পুরোপুরি পূরণ করছে না।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে চিঠিতে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—
স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) হালনাগাদ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকা, অনুমোদিত বেডের তুলনায় দ্বিগুণের বেশি বেড স্থাপন, প্রয়োজনীয় ডিগ্রিধারী চিকিৎসক ও অ্যানেসথেসিওলজিস্ট ছাড়াই সার্জারি ও সিজার পরিচালনা, মেয়াদোত্তীর্ণ BMDC রেজিস্ট্রেশনধারী চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (SACMO) দিয়ে রোগী দেখানো, চিহ্নিত দালালের মাধ্যমে রোগী সংগ্রহ, সি-ক্যাটাগরির ল্যাবে অনুমোদন ছাড়া হরমোন ও ইলেকট্রোলাইট পরীক্ষা, TLD ব্যাচ ছাড়া রেডিয়েশন ঝুঁকিতে এক্স-রে করা, এক্স-রে কক্ষ বসবাসের কাজে ব্যবহার করা।
এ ছাড়া অপারেশন থিয়েটারের ভেতরে ভাঙা বাথরুম থাকায় সংক্রামক পরিবেশ তৈরি হওয়া, প্রসূতিদের লেবার রুম স্টোররুম হিসেবে ব্যবহার, আলট্রাসনোগ্রাফি ও CBC পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় এবং ক্যাশ মেমোতে টাকার অঙ্ক উল্লেখ না করার অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে।
এমপি হাসনাত আবদুল্লাহর চিঠি নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
১৫ দিনের মধ্যে কঠোর ব্যবস্থা’
চিঠিতে এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি প্রামাণ্য তথ্য থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূত ও মানহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া উদ্বেগজনক।
তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শর্তভঙ্গকারী ও অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আগামী ১৫ দিনের মধ্যে সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে এবং এর মধ্যে এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিতে গিয়ে কোনো রোগীর স্বাস্থ্যহানি বা জীবনহানির ঘটনা ঘটলে এর দায় সিভিল সার্জন ও সংশ্লিষ্ট তদারকি কর্তৃপক্ষকে নিতে হবে।
দেবিদ্বারে দেড় শতাধিক প্রতিষ্ঠান
স্থানীয় সূত্রের দাবি, দেবিদ্বার উপজেলায় দেড় শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে শুধু দেবিদ্বার সদরে রয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান।
তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে এমপি হাসনাত আবদুল্লাহর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.