পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল।
এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নতুন এই সংবাদপত্রের সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
‘দৈনিক পঞ্চগড় খবর’-এর যাত্রা শুরুর মধ্য দিয়ে জেলার স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি এবং জনদুর্ভোগের চিত্র আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে উঠে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
নতুন এই সংবাদপত্রটি পঞ্চগড়ের গণমাধ্যম জগতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.