নোয়াখালীতে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জেলার সব উপজেলায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) নোয়াখালীতে ‘ফিস্টুলা নির্মূলকরণ কার্যক্রম-২০৩০’ বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা দিচ্ছে।
সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম। ডা. পপি রানী কুন্ডুর সঞ্চালনায় সভায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি কনসালট্যান্ট, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ফিস্টুলার কারণ, লক্ষণ, রোগী শনাক্তকরণ, রেফারেল, চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিআইপিআরবির প্রকল্প সমন্বয়ক মো. আলতাফুর রহমান।
সিভিল সার্জন বলেন, নোয়াখালীকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তর ও মাঠপর্যায়ের কর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি বাড়িতে প্রসবের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহিত করা এবং বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য রোগী শনাক্ত করার আহ্বান জানান।
ক্যাম্পেইনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং কমিউনিটি নেটওয়ার্কের সহায়তায় সম্ভাব্য রোগীদের তথ্য সংগ্রহ করবেন। সন্দেহভাজন রোগীদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ফিস্টুলা সেন্টারে পাঠানো হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী দরিদ্র রোগীদের পুনর্বাসনে সহায়তা করা হবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.