দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চোরাই দুটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়। পুলিশের দাবী, উদ্ধার করা মোটরসাইকেল দুটি দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চুরি করা হয়েছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ২৫ মিনিট পর্যন্ত পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া ও বেলাইচণ্ডী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম- সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রথমে পূর্ব কুঠিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেদুল রহমান ওরফে দুলাল (২৭) নামের এক ব্যক্তিকে চাবিসহ একটি কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন Suzuki Gixxer 150 সিসি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই ইউনিয়নের বেলাইচণ্ডী বাজার এলাকায় ইপিজেড-সংলগ্ন একটি বসতবাড়ীতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে মোঃ সাইফুল ইসলাম (২৮) নামের আরেক ব্যক্তিকে চাবিসহ একটি লাল-কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন Bajaj Discover 100 সিসি মোটরসাইকেল ও একটি স্মার্টফোনসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা দুটি মোটরসাইকেলের আনুমানিক মোট মূল্য ৪ লাখ টাকা। এদিকে, প্রথম অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত আরও তিন ব্যক্তি পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। তারা হলেন মোঃ আব্দুল আলিম (৪২), লাল বাবু (৪৩) ও মোঃ ইউসুফ (২৭)। তাদের বিরুদ্ধে উত্থাপিত সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তসাপেক্ষ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোটরসাইকেল চুরির মতো অপরাধ প্রতিরোধে যানবাহনের বৈধ কাগজপত্র সংরক্ষণ, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মালিকানা যাচাই এবং সন্দেহজনক লেনদেন সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা জরুরী। এ ধরনের অভিযান চোরাই যানবাহন উদ্ধার এবং অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.