দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন রামচন্দ্রপুর বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭/২-আর থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেতুড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি বাইসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে, আজ ৮ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে একই ব্যাটালিয়নের অধীন বাশালগাঁও বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালান। সীমান্ত পিলার ৩৫২/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তোররা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ‘পিটার ক্যাট’ মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.