একসময় ছিল অজপাড়াগাঁ। চারদিকে ছোট ছোট টিলা, পাহাড়ের ঢালে চা-বাগান, লেবু ও আনারসের বাগান। সন্ধ্যা নামলেই নেমে আসত নীরবতা। গভীর রাত পর্যন্ত থাকত সুনসান পরিবেশ। গ্রামের জমির শতকপ্রতি দাম ছিল আনুমানিক পাঁচ হাজার টাকা। সেই গ্রাম এখন আর আগের মতো নেই। পর্যটনশিল্পের বিকাশে বদলে গেছে পুরো জনপদের চিত্র। গড়ে উঠেছে একের পর এক রিসোর্ট, কটেজ, ইকো-কটেজ, বাংলো ও আধুনিক হোটেল। কোনো কোনো স্থানে জমির দাম বেড়ে দাঁড়িয়েছে শতকপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা। একসময়কার অচেনা গ্রামটি এখন পরিচিতি পেয়েছে ‘রিসোর্টের রাজধানী’ হিসেবে। বলছি মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলের রাধানগরের কথা।
শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের রাধানগর। একসময় এই গ্রামের পরিচিতি ছিল খুবই সীমিত। কিন্তু পর্যটনশিল্পের প্রসারে এখন দেশ-বিদেশের পর্যটকদের কাছে সুপরিচিত নাম রাধানগর। চা-বাগানঘেরা প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি টিলা, ছড়া, সবুজ বনানী আর নিরিবিলি পরিবেশের কারণে পর্যটকদের কাছে এর আকর্ষণ বাড়ছে। শ্রীমঙ্গল বেড়াতে এসে থাকার জায়গা হিসেবে অনেক পর্যটকই বেছে নিচ্ছেন এই রিসোর্ট পল্লীকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাধানগরে পর্যটন আবাসনের যাত্রা শুরু হয় ২০০৭ সালে। ওই বছর কাজী শামসুল হকের উদ্যোগে গড়ে ওঠে নিসর্গ ইকো-কটেজ। লেবুবাগান ও পাহাড়ি ছড়ার পাশে বাঁশ, বেত ও কাঠ দিয়ে নির্মিত এই কটেজটি ছিল এলাকার প্রথম দিককার পর্যটন আবাসন। এরপর পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ প্রতিষ্ঠার পর রাধানগরে পর্যটন ব্যবসার প্রসার দ্রুত বাড়তে থাকে। একের পর এক গড়ে ওঠে রিসোর্ট, কটেজ, বাংলো ও হোটেল।
নিসর্গ নিরব ইকো-কটেজের স্বত্বাধিকারী কাজী শামসুল হক বলেন, শুধু রাধানগরেই বর্তমানে ৬৫ থেকে ৭০টি রিসোর্ট গড়ে উঠেছে। এ ছাড়া ডলুছড়া, মোহাজিরাবাদ, বিষামনি ও রামনগর এলাকায়ও রিসোর্ট, কটেজ, ইকো-কটেজ ও বাংলো গড়ে উঠেছে। সব মিলিয়ে এসব এলাকায় পর্যটন আবাসনের সংখ্যা শতাধিক। এখনো বেশ কয়েকটি রিসোর্টের নির্মাণকাজ চলছে। তিনি বলেন, গত ১৭-১৮ বছরে এ এলাকায় জমির মূল্য প্রায় শতগুণ বেড়েছে।
রাধানগরের রিসোর্ট পল্লীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আবাসন স্থাপনার বৈচিত্র্য। এখানে রয়েছে দৃষ্টিনন্দন পাকা ভবন, টিনের ঘর, মাটির ঘর, বাঁশ-বেতের কটেজ ও কাঠের তৈরি বাংলো। প্রতিটি রিসোর্টের নির্মাণশৈলী ও সাজসজ্জায় রয়েছে আলাদা বৈশিষ্ট্য। কোনোটি আধুনিক স্থাপত্যে নির্মিত, কোনোটি আবার জঙ্গলের ভেতর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি। প্রকৃতির সঙ্গে মিশে থাকা এসব স্থাপনায় রয়েছে নান্দনিক সৌন্দর্যের ছোঁয়া।
পর্যটকদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী থাকার ব্যবস্থাও রয়েছে। শহরের আধুনিক ভবনে বসবাসে অভ্যস্ত অনেক পর্যটক ছুটি কাটাতে এসে এখানে বেছে নেন জঙ্গলের ভেতর বাঁশের ঘর, টিনের কটেজ কিংবা কাঠের বাংলো। নাগরিক জীবনের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটানোর আকাঙ্ক্ষাই তাঁদের এমন আবাসনের প্রতি আকৃষ্ট করে। আবার যারা আধুনিক সুযোগ-সুবিধা চান, তাঁদের জন্য রয়েছে পাকা ভবন ও বিলাসবহুল রিসোর্ট। রিসোর্টগুলোতে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও সাধারণ (নন-এসি) কক্ষের ব্যবস্থা রয়েছে।
পর্যটকদের খাবারের চাহিদা পূরণেও রয়েছে নানা আয়োজন। রিসোর্টের নিজস্ব রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। পর্যটক যখন যে খাবার চান, তাঁর পছন্দ অনুযায়ী তা সরবরাহের ব্যবস্থাও রয়েছে। কোনো কোনো রিসোর্টে রয়েছে বারবিকিউ আয়োজনের সুযোগ। পাশাপাশি রয়েছে সুইমিংপুল। একেকটি রিসোর্টের সুইমিংপুলের নকশা ও সৌন্দর্যেও রয়েছে ভিন্নতা। কোথাও আধুনিক নকশার পুল, কোথাও আবার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন সুইমিংপুল।
শুধু থাকা ও খাওয়ার ব্যবস্থাই নয়, পর্যটকদের ভ্রমণসেবাও দিচ্ছে রিসোর্টগুলো। কোনো পর্যটক শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যেতে চাইলে তাঁর চাহিদা অনুযায়ী গাড়ির ব্যবস্থা করে দেয় রিসোর্ট কর্তৃপক্ষ। দিন-রাত প্রয়োজন অনুযায়ী সেবা পাওয়ার সুযোগ থাকায় পর্যটকদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হচ্ছে। পাঁচ তারকা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের পাশাপাশি এখানে রয়েছে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টসহ বিভিন্ন মানের আবাসন প্রতিষ্ঠান।
রাধানগরের পরিবর্তনের আরেকটি বড় চিত্র দেখা যায় সড়কে। শ্রীমঙ্গল শহর থেকে রাধানগর-জেরিন রোডে আগে গভীর রাতেও তেমন কোনো যানবাহন চলাচল করত না। রাত নামলে সড়ক থাকত প্রায় জনশূন্য। এখন সেই সড়কে সারারাতই চলাচল করে গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। পর্যটকদের যাতায়াত, রিসোর্টের অতিথিদের আনা-নেওয়া এবং পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে দিনরাত সরগরম থাকছে পুরো এলাকা। বদলে গেছে গ্রামের রাতের চিত্রও।
রাধানগরের অন্যতম আকর্ষণ গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত পাহাড়ি ছড়া। ছড়ার দুই পাশে গড়ে ওঠা রিসোর্ট ও কটেজ থেকে সবুজ টিলা, বাঁশঝাড় এবং পানির প্রবাহ উপভোগ করেন পর্যটকরা। অনেক রিসোর্টে ছড়ার পাশে তৈরি করা হয়েছে মাচাং ও বসার জায়গা। বর্ষায় পাহাড়ি ঢলে ছড়ায় পানির প্রবাহ বেড়ে যায়। তখন এর রূপ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ছড়ার পানির কুলকুল শব্দ, পাখির ডাক আর চারপাশের সবুজ প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে।
শুধু রিসোর্টে অবস্থান নয়, রাধানগরের গ্রামীণ জীবনও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ।
কাকডাকা ভোরে গ্রামের পিচঢালা পথ ধরে ঠেলাগাড়িতে করে ফল নিয়ে শ্রীমঙ্গল শহরের বাজারে যান স্থানীয় লোকজন। কারও গাড়িতে লেবু, কারওটিতে আনারস, কলা কিংবা কাঁঠাল। গ্রামের এই পরিচিত দৃশ্য এখন পর্যটকদের ক্যামেরায়ও বন্দি হয়। প্রকৃতির পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান তাঁরা।
একসময় যে গ্রামে সন্ধ্যার পর নেমে আসত নীরবতা, সেখানে এখন রাতভর মানুষের আনাগোনা। রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড। জমির মূল্যবৃদ্ধি, নতুন স্থাপনা নির্মাণ ও কর্মসংস্থানের সুযোগ রাধানগরের অর্থনীতিতে এনেছে বড় পরিবর্তন। একটি অজপাড়াগাঁ থেকে পর্যটনকেন্দ্রিক জনপদে রূপান্তরের এই গল্প এখন শ্রীমঙ্গলের পর্যটন বিকাশের উল্লেখযোগ্য উদাহরণ।
তবে পর্যটনশিল্পের এই বিকাশের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ি টিলা, ছড়া, বনজ উদ্ভিদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ, রাধানগরের পর্যটন আকর্ষণের মূল শক্তিই এর প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ। সেই সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে পারলেই ‘রিসোর্টের রাজধানী’ হিসেবে রাধানগরের এই পরিচিতি দীর্ঘস্থায়ী হবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.