সীমান্তপথে মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৩৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে এ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালান।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাটিতে ব্যাপক তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারী, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদক চোরাকারবারিদের কোনো ধরনের অপতৎপরতাই বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্যও বড় হুমকি। ইয়াবা ও ফেনসিডিলের মতো মাদকদ্রব্যের বিস্তার পরিবার, সমাজ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই সীমান্তে নজরদারী জোরদারের পাশাপাশি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরী।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান মাদক চোরাচালান প্রতিরোধে চলমান তৎপরতার একটি গুরুত্বপূর্ণ অংশ। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগও অপরিহার্য।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.