দীর্ঘ আট বছর পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। এ নির্বাচনে মৌলভীবাজার জেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ১৮ হাজার ৮২২ জন। জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সর্বাধিক পঞ্চায়েত ও ভোটার।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইনানুগ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজ নিজ বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি নির্বাচনসংশ্লিষ্ট সব পক্ষ, চা-বাগান কর্তৃপক্ষ, প্রার্থী ও ভোটারদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সংবাদ, প্রতিবেদন ও ছবির মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি এবং প্রশাসনের অবস্থান তুলে ধরার আহ্বান জানান।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.