মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে।
নিহত বাংলাদেশী নাম মো: আসাদুল হক (৩৮)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল ওয়াজেদ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চান্দেরহাট বিওপির দায়ীত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশী চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবির তথ্যমতে, নিহত আসাদুল হককে প্রাথমিকভাবে মাদক চোরাচালান ও অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃপক্ষ ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, সীমান্তে এ ধরনের প্রাণহানির ঘটনা নিয়ে সংশ্লিষ্ট দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি স্পষ্ট হওয়ার প্রত্যাশা রয়েছে। পতাকা বৈঠকের পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
সূত্র: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মিডিয়া সেল।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.