ফিরোজ আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী ও সাপাহারে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৩৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের পৃথক দুটি দল বদলগাছী ও সাপাহার থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, বদলগাছী থানাধীন চাকরাইল গ্রামের ঠাঠারি পাড়া মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক গতিবিধির কারণে মকুল হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পলিথিনে আগুন দিয়ে মোড়ানো অবস্থায় ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মকুল হোসেন বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের শারফুজ্জামান ওরফে মিন্টুর ছেলে।
অন্যদিকে, সাপাহার থানাধীন হাপানিয়া শিয়ালমারি গ্রামের মানারুল হুদা ইসলামি কমপ্লেক্সের দক্ষিণ পাশে পায়ে হাঁটা কাঁচা রাস্তায় অভিযান চালায় ডিবির অপর একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলে আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার হেফাজতে থাকা লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩৫ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আনোয়ার হোসেন সাপাহার উপজেলার হাপানিয়া শিয়ালমারি গ্রামের হযরত আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.