রাজধানীর গণপরিবহনব্যবস্থা উন্নয়নে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট। তিনটি প্রকল্পের সম্মিলিত ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। এর মধ্যে একটি নতুন প্রকল্প এবং বাকি দুটি চলমান প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাব রয়েছে।
তিন প্রকল্পে ব্যয় কত
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে এমআরটি লাইন-১ প্রকল্পটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের সংশোধিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৪ হাজার ৩৯৫ কোটি টাকা।
অন্যদিকে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যাবে। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের সংশোধিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৮৯ হাজার ৮৪৮ কোটি টাকা। এটিও জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
নতুন করে অনুমোদন পাওয়া এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পটির মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার, যার মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা।
যৌথ অর্থায়নে সাউদার্ন রুট
এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে নতুন মেট্রোরেল সংযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, শুরুতে একনেকের সভায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা ছিল। পরে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাবও একই সভায় তোলা হয়।
তিন প্রকল্প অনুমোদনের ফলে ঢাকার পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের সরকারি পরিকল্পনা আরও এগিয়ে গেল।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.