মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন ভান্ডারা বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত মেইন পিলার ৩২৭ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভান্ডারা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালায় ৪২ বিজিবির অধীন দিহানগর বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ৩৪৪/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী পাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৭২ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.