কক্সবাজারের রামুতে পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ও শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার চেইন্দা এলাকায় বসুন্ধরা সংলগ্ন স্থানে অভিযান দুটি পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে প্রথম অভিযান চালানো হয়। এ সময় ১০ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ মো. জুনায়েদ (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এরপর একই স্থানে শনিবার ভোর ৪টার দিকে দ্বিতীয় অভিযান পরিচালনা করে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল। এ সময় আরও ১৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুনায়েদ (২২), কবির হোসেন (২৩) ও মোহাম্মদ বেলাল (২০)। তাঁরা সবাই রোহিঙ্গা নাগরিক এবং উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
No tags found for this post.
মন্তব্য করুন