কক্সবাজারের টেকনাফে চুরি মামলায় দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের এ/০৪ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইউনুস (৩৪), চাকমারকুল ক্যাম্পের এ/০৪ ব্লকের ৫২-এ নম্বর শেল্টারের বাসিন্দা এবং হোসেন জোহার (২৮), একই ক্যাম্পের এ/০৫ ব্লকের ১৮০ নম্বর শেল্টারের বাসিন্দা।
১৬ এপিবিএনের চাকমারকুল ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুরি মামলার দুই সন্দেহভাজন এ/০৪ ব্লকের একটি বসতঘরের সামনে অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। পরে ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহানুর রহমানকে বিষয়টি জানানো হয়। তাঁর নির্দেশনায় ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটির সদস্যরা ওই ব্লকে অভিযান চালান। এ সময় ইউনুস ও হোসেন জোহারকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা ৭৯ নম্বর মামলাটি ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত হয়। মামলাটি দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় করা হয়েছে।
এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন