পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে দিনব্যাপী এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করা, বিভিন্ন পর্যায়ের কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়ীত্ব । এ দায়ীত্ব যথাযথভাবে পালনের জন্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরী। তিনি বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে নতুন ও প্রবীণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
আরও পড়ুন:
একজন সাংবাদিককে শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশন জানলেই হবে না; তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, আইন ও নৈতিকতা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ সম্পর্কেও দক্ষ হতে হবে। মহাসচিব আরও বলেন, সাংবাদিকদের গুণগত মান ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিক সমাজ গড়ে তোলা জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য দাবী আদায়ে সংগঠনটি ভবিষ্যতেও সোচ্চার থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য ও সাংগঠনিক শক্তি। দেশের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করে তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়ীত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। তাই সংবাদ পরিবেশনে সত্য, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় কার্যকর সাংগঠনিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন সংগঠনের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন ও তরুণ সাংবাদিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান মোল্লা, এ কে আজাদ, মো. খাইরুল ইসলাম, মোহাম্মদ রাব্বি মোল্লা ও এম আর ক্রেসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোসাঃ আসিয়া আক্তার, সহসভাপতি মো. আব্দুল মজিদ, মো. আতিকুর রহমান আজাদ, মো. মনজুরুল হক, শিহাব উদ্দিন আহমেদ টিপু ও সিকদার আরিফুল আলম টিটো উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার যুগ্ম মহাসচিব মো. মামুনুর রশিদ। এ সময় যুগ্ম মহাসচিব এম এ আকাশ ও মো. আনোয়ারুল হক, সহকারী মহাসচিব মো. নাজির হোসেন ও প্রিয়াঙ্কা ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন দুর্নীতি তালাশ নিউজ টিভির প্রতিষ্ঠাতা ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিভাগীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে মতামত ও বক্তব্য রাখেন।
এছাড়া সভায় মহানগর কমিটির সভাপতি এম. হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক নূরনবী সোহেল, ঢাকা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মোহাম্মদ শিহাব উদ্দিন রাজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মোহাম্মদ মেহেদী হাসানসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।
উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারী প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘ ৪৪ বছরের পথচলা অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ে দেশের সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি বিভিন্ন সময়ে ভূমিকা রেখে আসছে।
দিনব্যাপী বর্ধিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক সিনিয়র সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সাংগঠনিক আলোচনার পাশাপাশি সভাটি সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্য বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা, বিভিন্ন কমিটির কার্যক্রম আরও গতিশীল করা, সংগঠন সম্প্রসারণ, সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্যকে সামনে রেখে সভায় নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন—সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাদারিত্বের বিকাশ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন গড়ে তুলতে জাতীয় সাংবাদিক সংস্থা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
মন্তব্য করুন