সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও গবাদিপশু- গরু ছাগল ভেড়া ও হাঁস মুরগি পালনে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কৃষক মাঠ স্কুলের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সদরকান্দি গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শামসুল হক।
তিনি গবাদিপশুর বিভিন্ন রোগবালাই, রোগ প্রতিরোধের উপায়, গরু, ছাগল ও ভেড়া পালন এবং হাঁস-মুরগির সঠিক পরিচর্যা ও টিকাদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগিকে রোগমুক্ত রাখতে নিয়মিত টিকাদান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পালন এবং সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গরু, ছাগল ভেড়া ও হাঁস মুরগির অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, যে প্রাণী সম্পদ অফিসের নিয়ম অনুযায়ী পালন করা গেলে খামারিরা অধিক লাভবান হতে পারবেন। এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বচ্ছলতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রাণিসম্পদ উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষক মাঠ স্কুলের মাঠ সহায়ক আমির হোসেন হৃদয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদরকান্দি গ্রামের কৃষক মাঠ স্কুলের সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী কৃষকেরা গবাদিপশু ও হাঁস-মুরগি পালনসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রাণী সম্পদ কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। এ ধরনের দ্বিমাসিক সভা কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, নতুন জ্ঞান অর্জন এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সদস্য/সদস্যারা।
No tags found for this post.
মন্তব্য করুন