বগুড়া, ২৫ অক্টোবর ২০২৬: ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে জাইমা রহমানের ছবি সংবলিত মগ বিতরণ করা হয়। একই দিন দুপুর ১২টায় আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের দাবি, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষ এ সেবা পেয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কর্মসূচি শেষে জিয়া পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে প্রতিমন্ত্রী নবগঠিত বেতগাড়ী ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
No tags found for this post.
মন্তব্য করুন