খুলনার ফুলতলা উপজেলায় পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জৈব বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা এবং বিকল্প জ্বালানির প্রসারে ‘বরণপাড়া বায়োগ্যাস পল্লী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য(হুইপ)রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান এবং খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।
অনুষ্ঠানে বক্তারা বায়োগ্যাসের গুরুত্ব তুলে ধরে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন এবং গ্রামীণ পর্যায়ে টেকসই উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি জৈব বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা যেতে পারে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে দক্ষতা উন্নয়নমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। এ ধরনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনেও সহায়তা মিলবে।
বায়োগ্যাস মূলত গোবর, জৈব বর্জ্য ও অন্যান্য পচনশীল উপাদান থেকে উৎপাদিত এক ধরনের জ্বালানি। রান্নাসহ বিভিন্ন কাজে এর ব্যবহার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বরুণপাড়া বায়োগ্যাস পল্লী স্থানীয় পর্যায়ে বিকল্প জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
No tags found for this post.
মন্তব্য করুন