কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন।
রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়। পরে নদীতে সন্দেহভাজন একটি নৌকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটি বিএসপি পোস্টের আনুমানিক ৩০০ মিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে অবস্থান করছিল।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেন বলে জানায় বিজিবি। পরে নদীতে তল্লাশি চালিয়ে ভাসমান অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবদুল খালেক (২৫), নূর ফয়সার (২৫), মিজানুর রহমান (২৪) ও হাফেজ আহম্মদ (২৯)। তাঁদের মধ্যে প্রথম দুজন টেকনাফের উত্তর জালিয়াপাড়া, তৃতীয়জন পুরাতন পল্লানপাড়া এবং চতুর্থজন ১৪ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জব্দ করা মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন