দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল জাতীয় ২৪ বোতল মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৮ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সদস্যরা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারী এবং বিশেষ অভিযান পরিচালনা করছে ৪২ বিজিবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুংডুংগী বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করেছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরাধীরা যাতে সীমান্তকে অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
No tags found for this post.
মন্তব্য করুন