কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চুরি, ছিনতাই, মাদক কারবার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অভিযোগ ও মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মাদক কারবারের অভিযোগে একজন, মাদক সেবনের অভিযোগে ১১ জন, বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজন এবং পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের একজন ওসমান গণি ওরফে বাপ্পি (২৯)। তিনি উখিয়ার থাইংখালী এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় পৃথক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১১ জনের মধ্যে কক্সবাজার শহরের সৈকতপাড়া, দক্ষিণ কলাতলী, লাইট হাউসপাড়া, বাদশা ঘোনা ও মোস্তাকপাড়ার বাসিন্দারা রয়েছেন। তাঁদের মধ্যে উখিয়া, চকরিয়া ও চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দাও রয়েছেন।
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আটজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের একজন মোহাম্মদ ওয়াজেদ আলী। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, মারামারি, চুরি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সদর মডেল থানার একটি পরোয়ানাভুক্ত মামলায় রাসেল (১৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া পরিসংখ্যানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা, ১১ জনের ক্ষেত্রে পুলিশ আইনের ৩৪ ধারা এবং আটজনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার উল্লেখ রয়েছে। এ ছাড়া একটি জিআর পরোয়ানা ও দুটি সিআর মামলায় রিকল-সংক্রান্ত কার্যক্রমের তথ্য দেওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন