জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজন। প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি, মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়।
প্রতিযোগীতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ ও অংশগ্রহণের প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশপ্রেম, জাতীয় চেতনা এবং সৃজনশীল মনন বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের প্রতিযোগীতায় অংশগ্রহণ কেবল পুরস্কার অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ, নিজস্ব চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা প্রকাশেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ভবিষ্যতেও নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন