চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অভিযান চালিয়ে অবৈধ পাহাড়ি সেগুন কাঠসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৭০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে অবৈধ পাহাড়ি সেগুন কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়।
জব্দ করা কাঠ ও ট্রাক এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
No tags found for this post.
মন্তব্য করুন