মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার ৩০৩ টাকা ৫০ পয়সা।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
এর মধ্যে রাত ৯টা ১০ মিনিটে পরমেশ্বরপুর বিওপির একটি দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩২/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়।
তিনি পরমেশ্বরপুর গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে বোচাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত আনোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে জব্দ করা ১ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্ত আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। জব্দ করা অন্যান্য মালামালও থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, একই রাতে ৯টা ৫ মিনিটে এনায়েতপুর বিওপির একটি দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন