পঞ্চগড়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান।
সভায় পঞ্চগড় জেলা পুলিশের কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনবান্ধব পুলিশিং এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান জনবান্ধব, পেশাদার ও সেবামুখী পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ মনজুরুল আলম এবং বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন