কক্সবাজারের টেকনাফে ক্যাম্প-২৭ জাদিমুড়া থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবককে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২৭-এর বি/৪ ব্লকের আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে সৈয়দ আমিন (৩৪) নামে ওই রোহিঙ্গাকে ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাত সশস্ত্র দল জোরপূর্বক অপহরণ করে বলে এপিবিএন সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডল তাৎক্ষণিকভাবে রাত্রীকালীন ডিউটি পার্টি ও এসআই (নিঃ) শাহীনসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল গঠন করেন। পরে দলটি ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।
এপিবিএন জানায়, অভিযান চলাকালে ক্যাম্পের বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে অভিযানকারী দল সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/১৩ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম ইন্না আমিন।
এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
No tags found for this post.
মন্তব্য করুন