কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস ( ২২) নামে এক জেলের মরদেহ ৩ দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৭ ই অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুর হাটির কানু দাসের পুত্র। ঠাকুর হাটি গ্ৰামের সৌরভ দাস জানান, সোমবার দুপুরে সিলুন্দিয়া গ্ৰামের পূর্ব দিকে ধনু নদীতে একটি ছোট নৌকায় বসে মাছ ধরছিলেন দুই ভাই অরুণ দাস ও বড় ভাই সাগর দাস। এসময় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নদী পথে সুনামগঞ্জের উদ্দেশ্য যাওয়া একটি বাল্কহেড তাদের মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দাস নদীতে পড়ে নিখোঁজ হন । পরে স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি । ৩ দিন পর আজ বুধবার সকালে বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, দূর্ঘটনা জড়িত বাল্কহেডটি প্রথম দিনেই জব্দ করা হয়েছে এবং এতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে । এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
No tags found for this post.
মন্তব্য করুন