কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার। পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তাঘাটের ময়লা পরিষ্কার করাকে বোঝায় না; যেখানে যা নিয়মবহির্ভূত রয়েছে, সেগুলোও পরিচ্ছন্নতার আওতায় আসবে। এক দিনে সবকিছু করা সম্ভব নয়।
শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী আমার এ হাসপাতালে আসার কথা নয়, কারণ তিনি কৃষি খাতের দায়িত্বে রয়েছেন। তবে আমার বাড়ি কুমিল্লায় হওয়ায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করায় প্রটোকল অনুযায়ী আমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটির সভাপতি করা হয়েছে।
তিনি বলেন, ‘এখানে আমার বাড়ি হওয়ায় আমি সবাইকে চিনি। এখানে অনিয়ম আছে। একেবারে পরিষ্কার হয়ে গেছে, এটা সঠিক নয়। তবে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যত ধরনের অপরিচ্ছন্নতা রয়েছে, সবকিছু পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।’
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের, জনগণের এবং হাসপাতাল ও কলেজের প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী দিনে আমরা একটি সত্যিকারের বিশ্বমানের হাসপাতাল দেখতে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাসান, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান এবং কুসিকের নির্বাহী প্রকৌশলী আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
No tags found for this post.
মন্তব্য করুন