বরগুনার পাথরঘাটায় মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে থানা-পুলিশ। গত ২২ ও ২৩ অক্টোবর পৃথক অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নে অনলাইন জুয়াবিরোধী অভিযান চালানো হয়। এ অভিযানে আরও ১৯ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে যাচাই-বাছাই শেষে চারজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি পাথরঘাটাকে চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীমের বক্তব্য অনুযায়ী, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
No tags found for this post.
মন্তব্য করুন